ক্ষোভ পুষে রাখেননি স্যামি

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:২২

আমেরিকায় পুলিশী আক্রমণে জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর থেকে বর্ণবাদ নিয়ে সোচ্চার হয়েছে বিশ্ব। আর এই সময়ই ড্যারেন স্যামি অভিযোগ করেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাকে বর্ণবাদী নামে ডাকা হতো। সেই অভিযোগ অনেকে অস্বীকার করলেও ইশান্ত শর্মার পুরোনো একটি টুইটারে এর প্রমাণ পাওয়া যায়। তবে স্যামি বলছেন, তিনি ইশান্তের ওপর রাগ পুষে রাখেননি।

স্যামিকে সানরাইজার্সে ‘কালু’ বলে ডাকা হতো। এটি যে বর্ণবাদী ডাক, সেটা আগে বুঝতে পারেননি সাবেক ক্যারিবিয় অধিনায়ক। গত জুনে তিনি অভিযোগ করেন যে, তাকে এক জন সামাজিক মাধ্যমেই জানিয়েছেন, এটা বর্ণবাদী ডাক। পরে তিনি বলেন, যারা এই নামে ডেকেছেন, তাদের ক্ষমা চাইতে হবে।

সিপিএলে খেলতে থাকা স্যামি অবশ্য বলেছেন, ইশান্তের সঙ্গে তার কথা হয়েছে। তিনি ক্ষমা করে দিয়েছেন, ‘আমি ক্ষোভ পুষে রাখি না। ইশান্ত শর্মার সঙ্গে কথা হয়েছে আমার। সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় যেমন তাকে ভাই হিসেবে ভাবতাম, এখনো তাকে সেভাবেই দেখি। তবে ভবিষ্যতেও যদি কখনো বুঝতে পারি যে কোনো বর্ণবাদী ভাষা ব্যবহার করা হয়েছে আমার ক্ষেত্রে, যে সময়ই বুঝতে পারব, তখনই সেটি নিয়ে প্রশ্ন তুলব। এই ক্ষেত্রেও সেটিই করেছিলাম। আমি কথা বলেছি, নিজের মতামত জানিয়েছি এবং এখন সামনে তাকাচ্ছি। এই ইস্যু থেকেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে (বর্ণবাদ নিয়ে)। কাজেই মুখ খোলা নিয়ে আমার আক্ষেপ নেই।’