টেস্টের ব্যাটিং পরামর্শক হবেন ম্যাকমিলান!

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:২২

সীমিত ওভারের দুই ফরম্যাটের জন্য নিল ম্যাকেঞ্জিকে নিয়োগ দেওয়ার পর থেকেই টেস্টের জন্য আলাদা ব্যাটিং কোচ খুঁজছিল বিসিবি। যদিও গত দুই বছরে টেস্ট দলের জন্য কাউকে নিয়োগ দিতে পারেনি বিসিবি। গত বছর নভেম্বরে ভারত সফরের দুই টেস্টে অনুরোধের ঢেঁকি গিলে কাজ করেছিলেন ম্যাকেঞ্জি। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে এই প্রোটিয়াকে পাওয়ার সম্ভাবনা কম। মূলত পারিবারিক কারণেই সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের সঙ্গে থাকতে রাজি নন ম্যাকেঞ্জি।

বিসিবিকে তাই বিকল্প ভাবতেই হচ্ছে। শ্রীলঙ্কা সফরের জন্য ম্যাকেঞ্জিকে রাজি করানোর চেষ্টার পাশাপাশি খণ্ডকালীন কোচের সন্ধানে রয়েছে বিসিবি। মুমিনুলদের জন্য সম্ভাব্য ব্যাটিং পরামর্শক হিসেবে নাম উঠে এসেছে ক্রেইগ ম্যাকমিলানের। নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের সঙ্গে আলাপ করছে বিসিবি।

জানতে চাইলে গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘ম্যাকেঞ্জিকে পাওয়ার চেষ্টা করছি আমরা। খণ্ডকালীন কাজের জন্য আমরা অনেকের সঙ্গে কথা বলছি। ম্যাকমিলান তাদের এক জন। এখনো কিছুই চূড়ান্ত হয়নি। দুই-তিন দিন পরে সবকিছু জানাতে পারব।’ ম্যাকেঞ্জির মতামত পাওয়ার পরই ম্যাকমিলানের সঙ্গে কথা পাকাপাকি করবে বিসিবি।

পেশাদারী ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে নাম লেখান ম্যাকমিলান। লম্বা সময় নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের কাজ করেছেন তিনি। ম্যাকমিলান থাকাকালীনই ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের পর ব্ল্যাক ক্যাপস শিবির থেকে সরে দাঁড়ান তিনি।