ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করার মার্কিন আহ্বান অগ্রাহ্য করে ইরান গতকাল দুটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে। এর মধ্যে একটি ক্রুজ, অপরটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সবচেয়ে বড় বিষয়, ক্ষেপণাস্ত্রগুলোর একটির নাম দেওয়া হয়েছে কাসেম সোলেইমানি, অপরটির নাম আবু মাহদি আল-মুহানদাইস। গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর বিমান হামলায় তারা নিহত হন।
বৃহস্পতিবার এই প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেছেন, ইরানের অপ্রতিরোধ্য শক্তিকে আরো প্রবল করে তুলবে দেশে তৈরি এসব ক্ষেপণাস্ত্র। তিনি বলেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য কাসেম সোলেইমানি ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৪০০ কিলোমিটার এবং আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। টেলিভিশনে দেওয়া ভাষণে প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ক্রুজ ক্ষেপণাস্ত্র আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...। মূলত গত দুই বছরেরও কম সময়ের মধ্যে আমরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ১ হাজার কিলোমিটারে উন্নীত করতে পেরেছি; যা আমাদের বিশাল অর্জন।’ তিনি বলেন, ‘আমাদের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সব সময়ই প্রতিরক্ষামূলক।
