সাতকানিয়ার ডলু নদীর ওপর নির্মিত গাটিয়াডাঙ্গা সেতুর মূল অংশের নির্মাণকাজ প্রায় তিন বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক তৈরি না হওয়ায় সেটি এখনো ব্যবহার উপযোগী হয়নি। দৃশ্যত এই সংযোগ সড়ক নির্মাণ নিয়ে সরকারের দুইটি বিভাগের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে সেতুর মূল অংশটি তৈরির কাজ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ সেতুটি তাদের বিভাগের নির্মাণের কথা স্বীকার করলেও সংযোগ সড়ক তৈরির কাজ তাদের নয় উল্লেখ করে ইত্তেফাককে বলেন, সংযোগ সড়কের জায়গাটি হচ্ছে এলজিইডির। সেজন্য সংযোগ সড়কের কাজটিও এ বিভাগের করে দেওয়ার কথা। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন বলেন, এ সেতুটির সংযোগ সড়ক যে জায়গায় হবে, সে জায়গার মালিক এলজিইডি নয়। এছাড়া সড়ক বিভাগের কাছ থেকে ভূমি অধিগ্রহণের জন্য কোনো লিখিত প্রস্তাবও আমরা পাইনি। চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা ও আমিলাইষ ইউনিয়নের হিলমিলি অংশে ডলু নদীর ওপর নির্মিত এ সেতু সম্পর্কে তথ্য সংগ্রহের সময় স্থানীয়রা জানান, কোন বিভাগের কী কাজ আমরা সেটা বুঝি না। আমরা চাই সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটিকে চালু করা হোক। দেখা গেছে, সংযোগ সড়ক না থাকায় সিঁড়ি বেয়ে হেঁটে ব্রিজের ওপর দিয়ে লোকজন চলাচল করছে। এ ব্যাপারে আমিলাইষ ইউপি চেয়ারম্যান এ এইচ এম হানিফ ও সাবেক চেয়ারম্যান মো. সোলাইমান বলেন, অনেক দেনদরবারের পর সেতুটি মূল কাঠামো তৈরি হয়েছে। এলজিইডি নাকি সড়ক বিভাগ—কারা সংযোগ সড়ক তৈরি করবে সেটা এলাকাবাসীর দেখার বিষয় নয়। অতি শিগিগরই যাতায়াতের সুবিধার জন্য সংযোগ সড়কটি খুবই জরুরি। এটি পাঁচ ইউনিয়নের মানুষের প্রাণের দাবি।
