বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা সিএমএইচে

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৪০

সেনাবাহিনীর তত্ত্বাবধানে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা রত্নগর্ভা মালেকা বেগমকে। বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।  এ তথ্য নিশ্চিত করে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা অধ্যক্ষ মো. সেলিম আহমেদ তার দাদি মালেকা বেগমকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিতে সরকারি কর্মকর্তা, চিকিত্সকসহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরো বলেন, তার দাদির হাত-পা ফুলে যাওয়ায় মঙ্গলবার হঠাত্ খাওয়াদাওয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হন। এ সময় তাকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকস্টে ভুগছিলেন। তার কিডনিসহ নানা সমস্যাও দেখা দিয়েছে। উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।