বশেমুরবিপ্রবিতে তদন্ত দল থেকে এক সদস্যের পদত্যাগ

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৪০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির বিষয়ে গঠিত সাত সদস্যের তদন্ত দল থেকে এক সদস্য পদত্যাগ করেছেন। এর আগে তদন্ত কার্যক্রম সব প্রশ্নের ঊর্ধ্বে রাখতে দল থেকে মো. নজরুল ইসলাম হিরাকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে তদন্ত দলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে। বৃহস্পতিবার দুপুরে তদন্তের দায়িত্ব থেকে পদত্যাগ করেন দলের সদস্য ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী। বিষয়টি নিশ্চিত করে তদন্ত দলের সভাপতি মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ঐ সদস্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং সে বিষয়ে আমাকে জানানো হয়েছে। পদত্যাগ গৃহীত হলে তদন্তের কাজে নতুন কোনো সদস্য যুক্ত করা হবে কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হবে। এদিকে ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এখানে অন্য কোনো কারণ নেই।