‘করোনাকালে দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা বেড়েছে’

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৪১

করোনাকালে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে বলে জানিয়েছে  বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারী মৈত্রী’। সংস্থাটির মতে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আড়াই হাজারের বেশি শিশু নির্যাতনের শিকার হয়েছে। প্রায় আড়াইশ ধর্ষণ এবং প্রায় ৭৫টি গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই সময়ে শতাধিক অপহরণ ও ৬৭টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার রংপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নারী মৈত্রীর পিসিটিএসসিএন প্রকল্প সমন্বয়কারী মোমেনুল হক মোমেন এসব তথ্য জানান। মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় পরিকল্পনা (২০১৮-২০২২) বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। 

সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা, মোহাম্মদ নুরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ প্রমুখ।