জিয়া ১৫ আগস্টের মূল ষড়যন্ত্রকারীদের একজন

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৪৪

আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনারে বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শুধু খন্দকার মোশতাক ও কয়েকজন সেনা অফিসারই জড়িত ছিলেন না বরং বিদেশি অনেক ষড়যন্ত্রের ফলাফলই ছিল ১৫ই আগস্টের সে নৃশংস হত্যাযজ্ঞ। পাকিস্তান, লিবিয়া, যুক্তরাষ্ট্রের মতো দেশও জড়িত ছিল বলে জানিয়েছেন বক্তারা। বুধবার রাতে প্রচারিত ওয়েবিনারের বিষয়বস্তু ছিল ‘৭৫-পরবর্তী বাংলাদেশ : বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন’।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সহযোগিতায় এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় আয়োজিত এই ওয়েবিনারে অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম এমপি, গবেষক ও কলামিস্ট সৈয়দ বদরুল আহসান, কলামিস্ট ও সাবেক ছাত্রনেতা সুভাষ সিংহ রায়, অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামস রহমান এবং লেখক ও গবেষক হাসান মোরশেদ।

মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, আমি ব্যক্তিগতভাবে নিজেকে কখনো সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দাবি করতে পারব না, যতদিন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর শেষ খুনিকে আইনের আওতায় আনতে না পারব।

সুভাষ সিংহ রায় বলেন, ৯ এপ্রিল ১৯৭৯ সালে পার্লামেন্টে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছিল।

সৈয়দ বদরুল আহসান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ১৫ই আগস্টের ঘটনাটি জানতো বলে অনেকে মনে করেন। তখন অ্যাম্বাসিতে ফিলিপ চেরির সঙ্গে খুনি চক্র কয়েকবার দেখা করেছেন। প্রফেসর শামস রহমান বলেন, জিয়া ১৫ই আগস্টের মূল ষড়যন্ত্রকারীদের একজন ছিলেন। হাসান মোর্শেদ বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট থেকে নভেম্বর ৩ তারিখ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনী সামরিক অফিসাররা সর্বময় ক্ষমতার অধিকারী ছিল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের একটি বক্তব্যের জবাবে শামস রহমান বলেন, ১৯৭৫ পরবর্তী সময় থেকে ইতিহাস যেভাবে বিকৃত হয়ে আসছে এবং যারা এই বিকৃতির সঙ্গে জড়িত তাদের মুখ থেকে এই ধরনের কথা শোনাটা সমীচীন নয় বলে আমি মনে করি। দলের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব ছাড়াও অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় দৈনিক ইত্তেফাক, সমকাল, যুগান্তর, সারাবাংলা, ভোরের কাগজ, বিজয় টিভি, বিডি নিউজ২৪, বাংলা নিউজ২৪, বার্তা২৪, জাগো নিউজ ২৪ ও বাংলাদেশ জার্নালের ফেসবুক পাতায়।