আজ খুলছে বান্দরবানের ট্যুরিস্ট স্পট

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২২:২০

দীর্ঘ পাঁচ মাস পর আজ শুক্রবার থেকে বান্দরবানের সবগুলো ট্যুরিস্ট স্পট এবং আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট খুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সভায় সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম এ ঘোষণা দেন। জেলা প্রশাসকের এ ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি নেমে আসে। সভায় বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ রেজা সরোয়ার, আবাসিক হোটেল, মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ট্যুরিস্ট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল আলমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা জানায়, করোনা ভাইরাসের প্রভাবে চলতি বছরের মার্চ মাস থেকে বান্দরবান জেলায় শতাধিক ছোট-বড় আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউজ দীর্ঘ পাঁচ মাস ধরে একটানা বন্ধ   ছিল। তালা ঝুলানো অবস্থায় ছিল দর্শনীয় স্থান মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরি, প্রান্তিকলেক, স্বর্ণমন্দির, নীলদিগন্ত, বগালেক, ন্যাচারাল পার্কসহ সবগুলো পর্যটন স্পট। পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হস্তশিল্প, স্থানীয়দের ঐতিহ্যগত বৈচিত্র্যময় তাঁতের পোশাক-কাপড়ের দোকানগুলো গত মাসে খুলে দেওয়ার অনুমতি দেওয়া হলেও পর্যটক না থাকায় বেচাকেনা ছিল না। দুই শতাধিক ট্যুরিস্ট গাড়িও বন্ধ ছিল দীর্ঘদিন। সম্প্রতি পরিবহন ব্যবসা পরিচালনা, রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকান খুলে দেওয়ার অনুমতি দেওয়া হলেও ব্যবসা বাণিজ্যগুলো পর্যটন নির্ভর হওয়ায় জমে ওঠেনি। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বান্দরবান হয়ে পড়ে পর্যটক শূন্য। তবে সব পর্যটন স্পট এবং আবাসিক হোটেল খুলে দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশা বান্দরবান আবারও পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরে পাবে।

বান্দরবান আবাসিক হোটেল-মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, পর্যটনের সঙ্গে এই অঞ্চলের সার্বিক অর্থনীতি জড়িত। কেবল আবাসিক হোটেল, মোটেল নয়। পর্যটক নির্ভর এই অঞ্চলের সব ধরনের ব্যবসা বাণিজ্যও। টানা ৫ মাস সবকিছু বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। সবকিছু খুলে দেওয়ার ঘোষণার পর হোটেল, মোটেল, দোকানপাটসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ধুয়ে মুছে পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। ফিরতে শুরু করেছেন ছুটিতে থাকা শ্রমিক-কর্মচারীরাও।

ট্যুরিস্ট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল আলম জানান, দীর্ঘ পাঁচ মাস পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় ট্যুরিস্ট গাড়িগুলোর শ্রমিকরা পরিবারসহ মানবেতর জীবন কাটাচ্ছেন। খেয়ে না খেয়ে কাটছে তাদের দিন। তবে শুক্রবার থেকে সবগুলো পর্যটন স্পট পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনেই পরিবহন শ্রমিকরা ট্যুরিস্টদের বিনোদন কেন্দ্রগুলো ভ্রমণে সর্বাত্মক সেবা দেবেন।

রেস্টুরেন্ট মালিক সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল আলম ও বার্মিজ মার্কেটের ঐতিহ্যগত পোশাক-অলংকার ব্যবসায়ী দিপীকা তঞ্চঙ্গ্যার আশা পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে তাদের ব্যবসাও জমে উঠবে।

বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী-কর্মচারীরা স্বাস্থ্যবিধি না মানলে বিধি অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।