গণতন্ত্রের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২২:২১

থাইল্যান্ডে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক আইনজীবীসহ ৯ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনজীবীকে জামিনে মুক্তি দেওয়া হয়। খবর বিবিসি ও ডয়চেভেলের

গত কয়েক সপ্তাহ ধরে থাইল্যান্ডে সামরিক সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। রাজধানী ব্যাংককে গত কিছু দিন ধরে ছাত্র আন্দোলন চলছে। বুধবার কিং মংকুটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় তিন আঙুলের স্যালুট প্রদর্শন করেন তারা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ক্ষমতা দখলের পর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের প্রতীক হয়ে উঠে এই স্যালুট। সরকারবিরোধী এই আন্দোলনের নেতৃত্বে এখন দেশটির শিক্ষার্থীরা। একমাস ধরে নিয়মিত তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ছাত্রদের নেতা পারিক চিওয়ারাক রাজতন্ত্রের পুনর্গঠনে এরই মধ্যে ১০ দফা দাবি তুলে ধরেছেন। এই আন্দোলনে শুধু সরকার নয়,                 রাজতন্ত্রের বিপক্ষেও কথা বলছেন বিক্ষোভকারীরা। রাজা মহাভিজিরালোংকর্নের ক্ষমতা হ্রাস করতে সংবিধান পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন তারা। আন্দোলনকারীরা মনে করেন, রাজতন্ত্রের পৃষ্ঠপোষকতাই বারবার সামরিক অভ্যুত্থানের জন্ম দিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটিতে। এক সময় থাইল্যান্ডের রাজতন্ত্র কিংবা রাজার বিপক্ষে প্রকাশ্যে কথা বলা অকল্পনীয় ছিল। কিন্তু গত জুলাইয়ে এই ট্যাবু ভেঙে দিয়েছেন কয়েক জন আন্দোলনকারী। তাদের মধ্যে অগ্রগামী ৩৬ বছর বয়সি আইনজীবী আনোন নাম্পা। রাজাকে অবমাননা করা হলে ১৫ বছরের জেল হতে পারে এমন আইন সত্ত্বেও তিনি ভয় পান না। বুধবার দ্বিতীয়বারের মতো গ্রেফতার হয়েছেন আন্দোলনকারীদের এই পথিকৃত্। পরে তাকে জামিনে মুক্তি দেয় আদালত।