যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৪ আগস্টের মধ্যে নিহত কিশোরদের পরিবারকে এই টাকা দিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে। গতকাল বৃহস্পতিবার ডাকযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও প্রবেশন অফিসারকে এ নোটিশ পাঠানো হয়েছে।
নিহতদের পরিবারের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। তিনি বলেন, সরকার ও শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষের সাংবিধানিক দায়িত্ব ছিল শিশু ও কিশোরদের রক্ষা করা। কিন্তু সেটা না করে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর বন্দিদের গ্রিলের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয়। অমানুষিক ঐ নির্যাতনের পর তাদেরকে খাবার না দিয়ে সেখানে ফেলে রাখা হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হাসপাতালে নেওয়া কিশোরদের মধ্যে তিন জন আগেই মৃত ছিল। মৃত তিন কিশোর পারভেজ হাসানের (১৬) বাবা রোকা মিয়া, নাইম হাসান ওরফে আবু নাইমের (১১) বাবা মো. নান্নু এবং মো. রাসেল ওরফে সুজনের (১৭) বড় ভাই সাইফুল ইসলাম নান্টুর পক্ষে গতকাল সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
প্রসঙ্গত, তিন কিশোর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
