শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে লঞ্চ, স্পিডবোট বন্ধ ফেরি চলছে সীমিত

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২২:২৩

পদ্মায় প্রবল স্রোত আর ঢেউয়ের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে বৃহস্পতিবার দুপুর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলছে মাত্র সাতটি। তাই ঘাটে ভিড় বাড়ছে। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শাহাদাত্ হোসেন জানান,  নদী উত্তাল থাকায় বেলা ১২টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএর এ জি এম মো. শফিকুল ইসলাম জানান, প্রবল ঢেউয়ের কারণে সীমিত আকারে সাতটি ফেরি চলছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের ভিড় বেড়েছে। দুই পাড়ে অর্ধসহস্রাধিক যান          পারাপারের অপেক্ষায় রয়েছে। এদিকে পদ্মা সেতুর ২৫ ও ২৬ নম্বর খুঁটির নিচে নাব্য সংকট দেখা দিয়েছে। তাই ফেরি নদীর তলদেশে ঠেকে যাচ্ছে। পদ্মা উত্তাল থাকায় ফেরিগুলো গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। বহরের ১৭ ফেরির মধ্যে এখানে রয়েছে ১৫টি। দুটি অন্যত্র পাঠানো হয়েছে। অলস বসে আছে আটটি। এছাড়াও ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪০০ স্পিডবোটের সবগুলোই অলস বসে আছে।