ফরিদপুরে বাবার জন্য ওষুধ কিনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সি এক কিশোরী। ঘটনাটি ঘটেছে গত ১১ আগস্ট সন্ধ্যায়। ঐ ঘটনার পর ধর্ষকদের হুমকির ভয়ে অসহায় পরিবারটি আইনের আশ্রয় নেওয়াসহ মেয়েটির চিকিত্সা পর্যন্ত করাতে পারেনি। এ ঘটনায় তার বাবা গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচ যুবকের নাম উল্লেখ করে গণধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করেছে।
অভিযুক্ত পাঁচ যুবক হলো—আসিবুর রহমান ওরফে আপন (২৪), ইমরান শেখ (২৪) ও পাপন শেখ (২৩), নান্নু শেখ (২৪) ও মালেক সরদার (২৪)। এ ঘটনার বিষয়ে কাউকে কিছু না জানাতে মেয়েটিকে হুমকিও দেয় তারা।
গত বুধবার রাতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর গণধর্ষণের বিষয়টি জানাজানি হয়। মামলার এজাহারে জানা গেছে, গত ১১ আগস্ট অসুস্থ বাবার জন্য শহরের গোয়ালচামট এলাকায় ওষুধ কিনতে যায়। ঐ সময় পাঁচ যুবক তাকে ধরে নিয়ে ধর্ষণ করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম বলেন, বুধবার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে ঐ তরুণীর সঙ্গে কথা বলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চার তরুণকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবকদের জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হবে।
