চট্টগ্রামে ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো গাড়িতে মাদক পাচার

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২২:২৪

চট্টগ্রামে সরকারি আইন লঙ্ঘন করে অনেক গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার করা হচ্ছে। এ সব যানবাহনে মাদক পাচার করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় সভা-সেমিনারে বিশেষজ্ঞরা ট্রাফিক রুলসসংক্রান্ত আলোচনায় ফ্ল্যাগ স্ট্যান্ডের ব্যবহার বিধি সম্পর্কে সতর্কতা অবলম্বনের আহ্বান জানালেও তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার যাত্রীকল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগ নেতৃবৃন্দের বিবৃতিতে এমন অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বন্দর নগরী চট্টগ্রামে ‘পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্ল্যাগ রুলস’ অমান্য করে ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করা হচ্ছে জাতীয় পতাকা (ফ্ল্যাগ) স্ট্যান্ড। এসব গাড়িতে মাদক থেকে শুরু করে অবৈধ মালামাল অনায়াসে পাচার করে আসছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। বিভিন্ন সড়কে এই জাতীয় গাড়ি চলাচল সাম্প্রতিককালে অতিমাত্রায় বেড়ে গেছে। পরিষদের নেতৃবৃন্দ আইন অমান্যকারী এসব গাড়ির বিরুদ্ধে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন পরিষদের সভাপতি নুরুল হুদা, সিনিয়র সহসভাপতি আনিসুল আলম, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন প্রমুখ।