পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় কোন্দল ও পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতা শুভ শর্মার কবজি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু ও উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহম্মেদ রচিসহ ৩৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা বাদী হয়ে বুধবার রাতে এ মামলা করেন। আসামিদের মধ্যে ১৮ জন নামীয় ও অজ্ঞাত আরো ২০ ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মী রয়েছেন। পুলিশ এজাহার নামীয় ছাত্রলীগ কর্মী রাব্বি মিয়া ও মৃদুল গয়ালীকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে।এদিকে এ নৃশংসতার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের কর্মী শাকিল আহম্মেদ সাদি, তানভির মল্লিক, তৌফিক হাসান ও কোরবান জুনায়েদকে হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে বহিষ্কার ও পৌর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
অন্যদিকে নৃশংস এ ঘটনার বিচার দাবি করে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করা হয়। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় এ ঘটনার প্রতিবাদে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়। পাশাপাশি জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ পঙ্গু ছাত্রলীগ নেতা শুভর পরিবারকে পুনর্বাসনের দাবি জানানো হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদ্দুজ্জামান মিলু জানান, একটি মোবাইল নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ জোর অভিযান চালাচ্ছে।
