সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অনুপযুক্ত। তার কারণে দেশের গণতন্ত্র ঝুঁকিতে। তাই গণতন্ত্রকে রক্ষায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জো বাইডেনকে ভোট দেওয়ার আহ্বান জানান। খবর রয়টার্সের
ডেমোক্রেটিক পার্টির সম্মেলনের তৃতীয় দিনে বুধবার ওবামা প্রেসিডেন্ট ট্রাম্প প্রসঙ্গে বলেন, তাকে কাজে মনোযোগ দিতে দেখা যায়নি, মানুষকে একই দলে আনতে চেষ্টা করতে দেখা যায়নি, প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে নিজের এবং বন্ধুদের ছাড়া অন্য কাউকে সহায়তা করতে দেখা যায়নি, প্রেসিডেন্টের দায়িত্বকে তিনি একটি রিয়েলিটি শোতে পরিণত করেছেন যা তিনি আগে করতেন। ওবামা করোনা ভাইরাসে ১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু নিয়েও ট্রাম্পের সমালোচনা করেন। সাধারণত যুক্তরাষ্ট্রে উত্তরসূরির সমালোচনা করেন না সাবেক কোনো প্রেসিডেন্ট। ওবামাও প্রথম দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করা থেকে বিরত ছিলেন। কিন্তু তিনি সাম্প্রতিককালে বিভিন্ন নীতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে যাচ্ছেন।
কমলা হ্যারিসকে মনোনয়ন
শালীনতা, সততা, ন্যায়বিচার ও ভালোবাসার মাধ্যমে আশা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার অঙ্গীকারের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়নগ্রহণ করে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন ক্যালিফোর্নিয়া সিনেটর কমলা হ্যারিস। ডেমোক্রেটিক কনভেনশন চেয়ারম্যান বেনি থম্পসন কমলাকে দলীয় মনোনয়ন প্রদানের ঘোষণার পর তিনি তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
