রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তিনি কোমায় চলে গেছেন। বিমানযাত্রার সময় রাশিয়ার বিরোধী নেতা নাভালনি অসুস্থ হয়ে পড়েন এবং বিমানটিকে ওমস্ক শহরে জরুরি অবতরণ করতে হয় বলে জানিয়েছেন তার মুখপাত্র কিরা ইয়ারমিশ। খবর বিবিসির
চায়ের সঙ্গে বিষ?
কিরা ইয়ারমিশ এক টুইট বার্তায় বলেছেন, ‘আজ সকালে নাভালনি টোমস্ক শহর থেকে মস্কোয় ফিরছিলেন। ফ্লাইটে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিমানটিকে ওমস্ক শহরে জরুরি অবতরণ করতে হয়। অ্যালেক্সেইকে বিষ খাওয়ানো হয়েছে। তিনি আরো বলেন, আমাদের সন্দেহ তার চায়ের সঙ্গে কোনোরকম বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। তিনি সকাল থেকে ঐ চা ছাড়া আর কিছু খাননি। চিকিত্সকরা বলছেন, বিষাক্ত পদার্থ গরম পানীয়ের মাধ্যমে শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তিনি এখন হাসপাতালে অচেতন। ইয়ারমিশ পরে টুইট করে জানিয়েছেন যে, নাভালনিকে ভেনটিলেটারে রাখা হয়েছে এবং তিনি কোমায় আছন্ন। হাসপাতালে প্রচুর পুলিশ। তিনি বলেন, চিকিত্সকরা প্রথম দিকে তাদের সঙ্গে তথ্য শেয়ার করছিলেন। কিন্তু এখন তারা বলছেন, বিষসংক্রান্ত পরীক্ষা করতে দেরি হবে। তারা এখন কালক্ষেপণ করতে চাইছে। তারা যা জানে সেটা আমাদের বলছে না।
তাস বার্তা সংস্থা ওমস্ক জরুরিকালীন হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, ‘অ্যালেক্সেই আনাতোলেইভিচ নাভালনির জন্ম ১৯৭৬ সালে। পয়সনিং ইনটেনসিভ কেয়ার’। তবে হাসপাতালের একজন শীর্ষস্থানীয় ডাক্তার পরে সংবাদমাধ্যমকে বলেছেন, নাভালনিকে বিষ দেওয়া হয়েছে কি না সেটা এখনো নিশ্চিত নয়। যদিও স্বাভাবিক বিষক্রিয়া হয়ে থাকতে পারে এমন একটি ধারণা করা হচ্ছে। ঐ ডাক্তার আনাতোলি কালিনিচেঙ্কো বলেছেন, নাভালনির অবস্থা স্থিতিশীল, যদিও তার অবস্থা গুরুতর। প্রাণ সংশয় আছে কি না সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
