দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা কিছুটা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১২১ জন বেশি শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২ হাজার ৭৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৮ দশমিক ৭২ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার ১ দশমিক ৬৮ শতাংশ বেশি।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৬৬তম দিনে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছে। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৩ হাজার ৮২২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। বুধবারও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ৩ হাজার ২৫৩ জন। বুধবারের চেয়ে গতকাল ৩৪০ জন বেশি সুস্থ হয়েছে। বুধবার সুস্থ হয়েছিল ২ হাজার ৯১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৮ দশমিক ১৪ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার শূন্য দশমিক ৫৫ শতাংশ বেশি।
