অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উদ্দীপনা প্যাকেজের সহায়তায় বাংলাদেশের অর্থনীতি কোভিড-১৯ মহামারি থেকে প্রত্যাবর্তন শুরু করেছে। নির্মাণ, উচ্চ-প্রযুক্তি ও উত্পাদন খাতে কোরিয়া থেকে বিনিয়োগ আনার অত্যন্ত ভালো সময় এখন। এজন্য বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতকে ভূমিকা রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগে অর্থমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে কোরিয়া থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ আনতে দূতাবাস ভবিষ্যতে ভূমিকা রাখবে বলেও অর্থমন্ত্রীকে আশ্বস্ত করেন দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন।
কোরীয় রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন অর্থমন্ত্রীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল অনলাইন প্ল্যাটফরমে সৌজন্য সাক্ষাত্ করেন। অর্থমন্ত্রী নবনিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে কোরিয়ান ব্যবসায়ীদের সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতার কথা স্মরণ করেন। অর্থমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পে কাজ করার বিষয়ে কোরিয়ান নির্মাণ সংস্থাগুলোর প্রতি সরকারের আস্থা রয়েছে। উভয় দেশের পক্ষে লাভজনক হওয়ায় বাংলাদেশে আরো বেশি বিনিয়োগকারী আনার লক্ষ্যে রাষ্ট্রদূতকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।
রাষ্ট্রদূত লি জাং-কেউন বলেন, কোরিয়ায় অনেক বাংলাদেশি প্রবাসী কাজ করছেন এবং বাংলাদেশের রেমিটেন্স আহরণে কোরিয়া অন্যতম দেশ। উন্নয়নের অংশীদার হিসেবে কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বাংলাদেশের কোরিয়ান বিনিয়োগের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করেন, বিশেষ করে স্যামস্যাংয়ের মোবাইল অ্যাসেম্বলিং কারখানা এবং হুন্দাইয়ের স্থানীয় অংশীদারের সঙ্গে অটোমোবাইল অ্যাসেম্বলিং প্ল্যান্ট সম্পর্কে অবহিত করেন।
