মোদির চিঠি ধোনির ধন্যবাদ

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২৩:৫৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ায় ভারতে অনেকেই হতাশ হয়েছেন। তার ক্যারিয়ার নিয়ে অনেক আলোচনা চলছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ধোনির বিপুল প্রশংসা করে তাকে একটি চিঠি দিয়েছেন। আর এই চিঠির উল্লেখ করে টুইটারে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি। 

ধোনিকে দুই পাতার বিশাল একটি চিঠি দিয়েছেন মোদি। সেই চিঠির পুরোটাই টুইটারে তুলে দিয়েছেন ধোনি। সেখানে মোদি লিখেছেন, ‘শুধুমাত্র ক্যারিয়ারের সংখ্যাতত্ত্ব আর ম্যাচ জেতার হিসেব দিয়ে এমএস ধোনির নাম মনে রাখা হবে না। নিছক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হয় না। আপনার অবদানকে এক বিশেষ ফেনোমেনন হিসেবে দেখাটাই ঠিক হবে।’

এই চিঠি পোস্ট করে নিজেদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ধোনি লিখেছেন, ‘একজন শিল্পী, সৈনিক অথবা খেলোয়াড় এটুকু স্বীকৃতির জন্যই কাজ করেন যে, তাদের কঠোর শ্রম আর আত্মত্যাগ প্রত্যেকের নজরে আসছে এবং তার মূল্যায়?ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার মূল্যায়ন ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’