কক্সবাজারে সদ্য যোগ দেওয়া দুই ওসির হঠাত্ বদলি

আপডেট : ২১ আগস্ট ২০২০, ০০:০০

কক্সবাজারের টেকনাফ ও সদর থানার নবাগত দুই ওসিকে হঠাত্ বদলি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এবং সদর থানার ওসি খায়রুজ্জামানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে।

সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। পরে থানা পুলিশ তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে হাজতে রাখে। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে থানাহাজত থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মুহাম্মদ শাহজাহান কবিরকে প্রত্যাহার করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়। পরে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে চলতি দায়িত্ব দেওয়া হয়। একপর্যায়ে গত ১৭ আগস্ট  জেলা পুলিশের এক আদেশে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে ওসি হিসেবে নিযুক্ত করা হয়।

এছাড়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হন আবুল ফয়সল। এর আগে আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

টেকনাফের নবাগত ওসি আবুল ফয়সল দায়িত্ব পাওয়ার পক্ষকাল এবং খায়রুজ্জামান দায়িত্ব পাওয়ার সপ্তাহ পার না হওয়ার আগেই অকস্মাত্ বদলির আদেশ আসায় নানা গুঞ্জন চলছে।