কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট : ২১ আগস্ট ২০২০, ০০:০৮

গাজীপুরের কালিয়াকৈরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে স্বামী। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী দুলাল উপজেলার চন্দ্রা মণ্ডলপাড়া গ্রামের মো. সোনাম উদ্দিনের পুত্র। দুলালের স্ত্রীর নাম আয়েশা আক্তার (৩২)।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকালে দুলাল আয়েশা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর উপজেলার কালামপুর (খাজার ড্যাগ) এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে নিজেও আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে মেয়ে শিফাকে টেলিফোনে জানায় আমি তোর মাকে মেরে ফেলেছি। আমি আর বাঁচব না। এ ঘটনার কিছুক্ষণ পরই বাড়িতে খবর আসে দুলাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসি মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।