প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতি

আপডেট : ২১ আগস্ট ২০২০, ০০:১৩

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক মেডিক্যাল বুলেটিনে একথা জানিয়েছে নয়াদিল্লির সেনা হাসপাতাল। আগের থেকে তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনো ভেন্টিলেটরেই রয়েছেন তিনি।

নয়াদিল্লিতে ভারতীয় সেনার রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিত্সাধীন প্রণব মুখার্জি। তার স্বাস্থ্যের গতিপ্রকৃতি নিয়ে প্রতিদিনই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল ঐ বুলেটিনে জানানো হয়েছে, সাবেক রাষ্ট্রপতির স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলো স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম সব সময় তার পর্যবেক্ষণ করছে।

আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, গত ৯ আগস্ট রাজাজি মার্গের বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরের দিন তাকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। ঐ আঘাতের ফলে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। সে সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করা হয়। ঐ অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার সময় তার করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টিও জানা যায়।