বাংলা বানানের নিয়ম-কানুন

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৯:২৫

 

মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জাহানাবাদ সেনানিবাস, খুলনা।

 

শুদ্ধিকরণ

 

বিরামচিহ্ন বা যতিচিহ্ন বা ছেদচিহ্ন-এর ব্যবহার

বন্ধনী ([ ], { }, ( ))

নাম : বন্ধনী

চিহ্ন : ([ ], { }, ( ))

বাক্যে অবস্থান : পূর্বে, মধ্যে ও শেষে

বিরতিকাল : প্রয়োজন নেই।

ফাঁক (space) : আগে ও পরে ফাঁক থাকবে, তবে ভেতরে ফাঁক থাকবে না।

ব্যবহারের নিয়ম :

১. কোনো বক্তব্যকে বিশদভাবে বর্ণনা করার জন্য প্রথম বন্ধনী ব্যবহূত হয়। যেমন : তিনি গুরুত্বপূর্ণ দপ্তরে (প্রধানমন্ত্রীর কার্যালয়) কাজ করেন।

২. ক্রমিক নম্বর প্রকাশের ক্ষেত্রে মাঝে মাঝে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়।

যেমন : পদ ৫ প্রকার। (১) বিশেষ্য (২) বিশেষণ (৩) সর্বনাম (৪) অব্যয় (৫) ক্রিয়া।

৩. বাংলায় সাধারণত ২য় বন্ধনীর ব্যবহার নেই। তবে, গণিতের সরল অঙ্ক-সহ কিছু কিছু অঙ্কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধনীর ব্যবহার লক্ষ করা যায়।

যেমন : [২ + {৫ × ৬ - (৯ ÷ ৩) + ৪} - ৩]

৪. বাক্যের মধ্যে তথ্যগত অস্পষ্টতা উল্লেখ করতে প্রথম বন্ধনীর মধ্যে (?) চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়।

যেমন : টাইটানিক জাহাজ ১৯১১ (?) সালে ডুবেছিল।

৫. অন্যের লেখা বক্তব্যের মধ্যে নিজের মন্তব্য ঢোকাতে গেলে তৃতীয় বন্ধনী ব্যবহূত হয়। যেমন : রবিন্দ্রনাথ [রবীন্দ্রনাথ] নভেল [নোবেল] পুরস্কার পেয়েছিলেন।

অশুদ্ধ : বিকালে তিনি( আসলাম )এসে পোঁছাবেন।

শুদ্ধ : বিকালে তিনি (আসলাম) এসে পোঁছাবেন।

 

বিকল্প (/)

নাম : বিকল্প

চিহ্ন : (/)

বাক্যে অবস্থান : মধ্যে

বিরতিকাল : প্রয়োজন নেই।

ফাঁক (space) : আগে ও পরে ফাঁক থাকবে না।

ব্যবহারের নিয়ম :

১. দুই বা ততোধিক শব্দ বা বাক্যের মধ্যে যে-কোনোটি হতে পারে অর্থে বিকল্পচিহ্ন ব্যবহূত হয়। যেমন : তার বয়স ২৫/৩০ বছর হতে পারে।

২. তারিখ লিখতে গেলেও ক্ষেত্রবিশেষে বিকল্পচিহ্ন প্রয়োগ করতে দেখা গেলেও সেটা বিকল্পচিহ্ন নয়।

অশুদ্ধ : আমি ১০ / ১২ বছর যাবত্ বিদেশে আছি।

শুদ্ধ : আমি ১০/১২ বছর যাবত্ বিদেশে আছি।