সেতুর পাটাতন ভেঙে মদন-নেত্রকোনা যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:২৩

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদনে বয়রাহালা নদীর ওপর সড়ক ও জনপথ বিভাগ নির্মিত বেইলি সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে জেলা সদর নেত্রকোনার সঙ্গে মদনের সব ধরনের যান চলাচল শুক্রবার সকাল থেকে বিচ্ছিন্ন রয়েছে। ফলে চরম দুর্ভোগে রয়েছে এ সড়কে চলাচলকারীরা। সরেজমিনে জানা গেছে, নেত্রকোনা-মদন ২৫ কিলোমিটার সড়কে দুটি বেইলি সেতু রয়েছে। ১৯৯৫ সালে মদন উপজেলার জয়পাশা গ্রামের পাশে বয়রাহালা নদীর ওপর এই বেইলি সেতুটি নির্মাণ হয়। জেলা সদর নেত্রকোনার সঙ্গে মদনের একমাত্র  যোগাযোগের মাধ্যম এ সড়কটি। পাশের উপজেলা আটপাড়া, খালিয়াজুরি এলাকার লোকজনও যোগাযোগের সুবিধার্থে এ সড়ক দিয়েই যাতায়াত করে। কিন্তু মাসে দুই-তিন বার এ বেইলি সেতুটির পাটাতন ভেঙে যায়। তখন তাত্ক্ষণিক মেরামত করা হলেও কয়েক দিন যেতে না যেতেই আবার ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সেতু ভেঙে যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল জানান, এ সেতুটির পাটাতন বছরে সাত-আট বার ভেঙে যায়। এতে যোগাযোগ বিছিন্ন থাকে। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী মোহন মিয়া জানান, নেত্রকোনা-মদন সড়কে বয়রাহালা নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি পুরোনো হওয়ায় কিছু দিন পর পরই পাটাতন ভেঙে যায়। শুক্রবার সকাল থেকে সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে মেরামত কাজ চলছে। চার-পাঁচ দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে।