ঝিনাইদহের সীমান্ত দিয়ে ঢুকছে মাদক!

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:২৪

ধরা পড়ছে প্রায়ই

ভ্রাম্যমাণ প্রতিনিধি

পশ্চিম সীমান্তের ঝিনাইদহ জেলার মহেশপুর এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও দামুরহুদা উপজেলার সীমান্ত দিয়ে মাদক ঢুকছে বাংলাদেশে। বিজিবি, র্যাব ও পুলিশের হাতে প্রায় প্রতিদিনই মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবার চালান ধরা পড়ছে। মাদক উদ্ধারের তথ্য মিডিয়াকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হচ্ছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নজর এড়িয়ে পাচার হয়ে আসা মাদকের বড় অংশ নানাভাবে মাদকসেবীদের হাতে পৌঁছে যাচ্ছে।

র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার ডুগডুগি বাজার থেকে মিলন শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বাড়ি দর্শনা শ্যামপুর গ্রামে। বুধবার রাতে ঝিনাইদহের ডিবি পুলিশের একটি দল মহেশপুর উপজেলার বালিনগর সীমান্ত এলাকা থেকে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ খায়রুল ইসলাম নামে এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে। বুধবার বিজিবি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে ৬০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ মঞ্জুরুল ইসলাম হূদয় নামের এক মাদক চোরাচালানীকে আটক করে।

১৭ আগস্ট বিজিবি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর সীমান্ত এলাকা থেকে বিশা মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। ১৩ আগস্ট বিজিবি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ১১ আগস্ট মহেশপুর উপজেলার টাঙ্গাইলপাড়ার মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ২৯৫ পিস ইয়াবা ও জীবননগর উপজেলার হালদারপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ছয় কেজি গাঁজা উদ্ধার করে। বিজিবির ঝিনাইদহ-৫৮ ব্যাটালিয়নের কমান্ডার লেঃ কর্নেল কামরুল আহসান জানান, মাদক চোরাচালান দমনে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। প্রতিদিনই মাদক উদ্ধার করা হচ্ছে। তিনি বলেন, দুই দেশের চোরাচালানীরা এ ঘৃণ্য ব্যবসার সঙ্গে জড়িত। বেশির ভাগ ক্ষেত্রে মাদক বহনকারীরা গ্রেফতার হচ্ছে। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ফের জোরদার করা হয়েছে। মাদক  উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে।