ধুনট (বগুড়া) সংবাদদাতা
ধুনট উপজেলার বিলচাপড়ী বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুল আলিম নামের এক ব্যবসায়ীর ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল রনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এ্যাসিল্যান্ড আব্দুল্লাহ্ আল রনি জানান, বিলচাপড়ী গ্রামের আব্দুল আলিম নামের এক ব্যক্তি বাঙ্গালী নদীতে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
