‘সিরিজ জয়ই একমাত্র লক্ষ্য’

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:২৭

ব্যতিক্রমী একটা সময় পার করছেন আপনারা। এই একক অনুশীলনটা কেমন লাগছে?

এরকম ইন্ডিভিজুয়াল ট্রেনিং তো আমরা আগে পরেও করেছি। তাই এটাকে বিশেষ আলাদা কিছু মনে হচ্ছে না। কিছু পার্থক্য তো আছেই। এখানে পরস্পরের সঙ্গে দেখাসাক্ষাত্ হচ্ছে না। হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। তারপর প্রত্যেকের সময়টা নির্দিষ্ট। এর মধ্যেই সব করে ফেলতে হচ্ছে। ঐ যে বলা হচ্ছে, ‘নিউ নরম্যাল’; আমরা সেই নিউ নরম্যালে ঢুকে পড়েছি।

সামনে টেস্ট সিরিজ। এই সময়ে দল বেঁধে অনুশীলন হয়। ম্যাচ খেলা হয়। সেগুলোর একটু ঘাটতি কি থেকে যাচ্ছে?

আমি মনে করি না, এটা খুব বড় সমস্যা। কারণ, দল বেঁধে অনুশীলনে যা যা করা হয়, তার প্রায় সবই করছি আমরা। হ্যাঁ, ফিল্ডিং প্র্যাকটিসটা হয়তো খুব হচ্ছে না। তার পরও মুশফিক ভাইসহ কয়েক জন শুরু করেছে। আসলে আমি বলি যে, আপনার যদি বেসিক ঠিক থাকে এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে এগুলোর জন্য সমস্যা হওয়ার কথা না।

শ্রীলঙ্কায় গিয়ে হয়তো আপনারা গ্রুপ ট্রেনিং ও ম্যাচের সুযোগ পাবেন...

হ্যাঁ। ওটা খুব কাজে দেবে। ম্যাচ প্র্যাকটিস তো সবচেয়ে ভালো প্র্যাকটিস। ফলে আমাদের ওখানে যেয়ে যে সময়টা পাব, সেটা খুব ভালো কাজে লাগাতে হবে।

এই বছরটা আপনার বছর হতে পারত। ১১টা টেস্ট হওয়ার কথা ছিল। সে নিয়ে আপনার অনেক পরিকল্পনাও ছিল। আফসোস হচ্ছে?

নাহ, আফসোস করি না। এটা তো কেবল আমাদের সমস্যা না। সারা পৃথিবীতে সবকিছুই থেমে গিয়েছিল। আগে তো মানুষের জীবন। এই খেলা মিস হওয়ার জন্য তাই আফসোস করি না।

কিন্তু আপনি টেস্ট দল নিয়ে কিছু পরিকল্পনা করছিলেন?

সেটা মূলত বলেছিলাম, একটা প্রসেস ঠিক রাখতে চাই। সেই প্রসেসটা আমাদের এখন ঠিক রাখতে হবে। যে কোনো কারণে খেলা থেমে গিয়েছিল বলে প্রসেস থেকে সরে আসার কোনো কারণ নেই। আমাদের মাইন্ডসেটটা সঠিক দিকে রাখতে হবে। আমি আশা করছি, সেটা আমরা করতে পারব।

আপনার একটা পরিকল্পনা ছিল যে, বাংলাদেশ টেস্টে যে অতি স্পিন নির্ভরতা দেখায়, সেখান থেকে বের হয়ে আসা। সামনের সিরিজটা উপমহাদেশেই। এখানে কি আমরা এ স্পিন নির্ভরতা থেকে বের হতে পারব?

আসলে এখনই তো এই কৌশল নিয়ে আলাপ করা কঠিন। এখনো আমাদের সামনে অনেক সময়। আমাদের আসলে দেখতে হবে, আমাদের অপনেন্ট কেমন এবং আমরা কেমন কন্ডিশন ও উইকেট পাচ্ছি। এটা ঠিক যে, আমাদের মনোভাব বদলেছে। কিন্তু আমাদের মূলত জয়ের জন্য যেমন দরকার, তেমন করেই দল গঠন করতে হবে।

শ্রীলঙ্কায় আমরা কি ফল আশা করতে পারি? আপনি বলেন, আমাদের কি আশা করা উচিত? সিরিজ জেতা উচিত?

অবশ্যই। প্রথমত আমি এই সিরিজটাকে দেখছি খেলার একটা সুযোগ হিসেবে। এই সময়ে কিন্তু ইংল্যান্ডে ছাড়া কোথাও এখনো খেলা শুরু হয়নি। কেবল তিনটে দেশ টেস্ট খেলতে শুরু করেছে। তার মধ্যে আমরাও সুযোগটা পাচ্ছি। আর দল হিসেবে আমাদের যে অবস্থা, তাতে আমি জয় ছাড়া কিছু ভাবছি না। আমাদের হয়তো অনেক কাজ করতে হবে। কিন্তু মূল লক্ষ্য থাকবে সিরিজ জয়।