অনূর্ধ্ব-১৯ দল
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের করোনা টেস্টের তৃতীয় ধাপেও কারো শরীরে করোনা ধরা পড়েনি। গতকাল তৃতীয় ধাপে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে সবারই নেগেটিভ এসেছে। এই ধাপে ১৭ ক্রিকেটার ও ৪ কোচিং স্টাফসহ মোট ২১ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার এ ই এম কাওসার। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘তৃতীয় ধাপে আমরা ১৭ জন প্লেয়ার ও চার জন কোচিং স্টাফসহ মোট ২১ জনের করোনা পরীক্ষা করিয়েছিলাম। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।’ প্রথম ধাপে ১৬ আগস্ট ক্রিকেটার ও কোচিং স্টাফসহ ২৭ জনের করোনা পরীক্ষা হয়েছিল। সবাই নেগেটিভ হয়েছিল। ১৮ আগস্ট দ্বিতীয় ধাপে ১৫ ক্রিকেটারের একজন ইফতেখার হোসেন ইফতি করোনা পজিটিভ হয়েছিলেন। তাকে বিসিবির ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হয়। জানা গেছে, তৃতীয় ধাপে তারও পরীক্ষা করা হয় এবং নেগেটিভ রিপোর্ট আসে। তবে ইফতির আরো একবার পরীক্ষা হবে। নেগেটিভ এলেই তাকে ক্যাম্পে পাঠানো হবে।
উল্লেখ্য, আগামীকাল থেকে বিকেএসপিতে যুব দলের ক্যাম্প শুরু হবে।
