উত্তেজনার মধ্যে আমিরাতের জাহাজ আটক করেছে ইরান

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:৩১

রয়টার্স

ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি জাহাজ নাবিকসহ আটক করেছে ইরান।

জলসীমা লঙ্ঘন করায় জাহাজটি আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ জাহাজ আটক করার দিনই আমিরাতের উপকূলরক্ষীরা দুই জন ইরানি জেলেকে হত্যা করেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

গত সপ্তাহে ইরানের ঘোর শত্রু ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। এ চুক্তি নিয়ে ইরানের কঠোর সমালোচনার জবাবে আমিরাতের কড়া প্রতিক্রিয়ায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে।

এর মধ্যেই জাহাজ আটকের ঘটনা ঘটল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে জানিয়েছে, আমিরাতের জাহাজ সোমবার জব্দ করেছে ইরানের উপকূলরক্ষীরা। অবৈধভাবে ইরানের জলসীমায় প্রবেশের কারণে জাহাজটির ক্রুদেরও আটক করে রাখা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, একই দিন আমিরাতের উপকূলরক্ষীরাও ইরানি দুই জেলেকে গুলি করে হত্যা করে তাদের নৌকা জব্দ করেছে। পরে এ ঘটনার জন্য আমিরাত ক্ষমা চেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ ঘটনার ব্যাপারে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, আমিরাত ইরানি নৌকা আটকের পর তেহরান ইরানে নিযুক্ত আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে নৌকা এবং জেলেদের ছেড়ে দেওয়ার দাবি জানায়।

ইরানের এ পদক্ষেপের পরই আমিরাত কর্তৃপক্ষ বুধবার এক চিঠিতে ঐ ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত বলে জানায়। ইরানি নৌকা এবং নাবিকেরা মুক্তি পেয়েছে। তবে নিহত দুই জেলের লাশ হস্তান্তরের আইনি প্রক্রিয়া এখনো চলছে বলে জানানো হয়েছে ইরানের বিবৃতিতে।

এদিকে, আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম বলছে, সোমবার জলসীমা লঙ্ঘন করায় আটটি মাছ ধরা নৌকাকে থামানোর চেষ্টা করে আমিরাতের উপকূলরক্ষীরা। তবে এ ঘটনায় কোনো জাহাজ জব্দ করা বা কোনো হতাহতের ঘটনা ঘটার খবর জানায়নি তারা।