‘প্রগতিশীল পথচলাকে থামিয়ে দেওয়াই ছিল এই হামলার উদ্দেশ্য’

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২২:১৯

২১ আগস্ট স্মরণে আলোচনা, গান

ইত্তেফাক রিপোর্ট

২০০৪ সালের একুশে আগস্টের কালো অধ্যায় স্মরণে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সুরে সুরে জানানো হলো ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের প্রতিবাদ। অনুষ্ঠানে অংশ নেন দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

আলোচনায় সৈয়দ হাসান ইমাম বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলা আমাদের জাতীয় জীবনের একটি কালো অধ্যায়। বিএনপি-জামায়াত জোট সরকারের জঙ্গিবাদী আক্রমণে বঙ্গবন্ধু এভিনিউ চত্বর রক্তে রঞ্জিত হয়েছিল। শহিদ হয়েছিলেন মহিলা নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। ২০০৪ সালের এই দিনটি একটি কলঙ্কিত দিন হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ। এই দেশকে ধর্মান্ধ শক্তির হাতের তুলে দেওয়ার ষড়যন্ত্রের অংশ ছিল এই হামলা। পঁচাত্তরের ১৫ আগস্টের মতোই আরেকটি হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেদিন। সম্প্রীতি ও প্রগতিশীল বাংলাদেশের পথচলাকে চিরতরে থামিয়ে দেওয়াই ছিল এই হামলার উদ্দেশ্য। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হাবিবুল আলম ও স্বর্ণময়ী মণ্ডল। এছাড়া গান ও কবিতা পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ সেলিম। পরিষদের ফেসবুক লাইভে সম্প্রচারিত হয় এ আয়োজন।