গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার এক মাস পর লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ বৃহস্পতিবার নরসিংদী থেকে সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পূবাইল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো—শেখ ফরিদ, সাইফুল ইসলাম, নূরুল আমিন ওরফে নুরা, আতিউর রহমান আপেল, ইয়াহিয়া ওরফে ইয়াকুব, রনি ও স্বর্ণের দোকানি দুলাল বর্মণ। নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়িই নরসিংদী জেলায়।
ওসি আরো জানান, গত ১৭ জুলাই পূবাইল থানার অদূরে ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকায় ভোর রাতে হোসেন উদ্দিন পালোয়ানের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান মালামাল অস্ত্রের মুখে লুটে নেয় দুর্বৃৃত্তরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৮ ভরি স্বর্ণ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
