বিএনপি সরকারের ভুলের খেসারত দিচ্ছেন খালেদা-তারেক ------------ গয়েশ্বর

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২২:২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মনের ইচ্ছায়-অনিচ্ছায় সরকারে থাকতে ভুলভ্রান্তি আমাদের কিছু ছিল। যার খেসারত আজকে জনগণ দিচ্ছে, আমরা দিচ্ছি, খালেদা জিয়া ও তারেক রহমান দিচ্ছেন। যারা অপকর্ম করেছে তারা খেসারত দেয়নি, তারা কিন্তু আমাদের আশেপাশে আরো বলীয়ান হওয়ার চেষ্টা করছে। এটা (২১ আগস্টের ঘটনা) বাংলাদেশের ভাবনা থেকে হয়নি, এই ভাবনার পরিকল্পনা অন্য কোথাও বাস করে।

গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত দলটির সদ্য মরহুম ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় সভায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ,      নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মরহুম নেতার একমাত্র মেয়ে ব্যারিস্টার মেজনাজ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

গয়েশ্বর রায় বলেন, বিএনপির নেতৃত্বকে কবর দিতেই ২০০৪ সালের সংঘটিত ২১ আগস্টের ঘটনা এক-এগারোর রি-অ্যারেজমেন্ট। ২১ আগস্টের ঘটনাটা শেখ হাসিনাকে মারার বড় চক্রান্ত—এখানেই সীমাবদ্ধ ছিল না। এই চক্রান্ত ছিল সেদিন জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বের কবর দেওয়া। এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে বিএনপির ওপর প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, ঐ ঘটনার প্রকৃত দোষীরা এখনো নিরাপদে বেঁচে আছে এবং ভালো আছে। তারা দেশে আছে, দেশের বাইরেও আছে। সেটা সরকারের গোয়েন্দা সংস্থার কারও অজানা থাকার কোনো কারণ নেই। যেহেতু এটা একটি রাজনৈতিক হিসাব-নিকাশের ব্যাপার সেই কারণে আসল ঘটনা কখনো আলোর মুখ দেখবে না, আপনারা-আমরা জানব না।

তিনি আরো বলেন, ‘১/১১-তে কে ভিকটিম হয়েছে? বিএনপি হয়েছে, খালেদা জিয়া হয়েছে। ১/১১-তে লাভবান হয়েছে কে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তাহলে ডাউট অব দ্য বেনিফিসারি যদি বলা হয় ১/১১ এর মাধ্যমে বেনিফিট হয়েছে বিএনপির অতি মুখোমুখি প্রতিপক্ষের। ২১ আগস্টের ঘটনার লক্ষ্য ছিল রাষ্ট্রকে আনস্ট্যাবল করা, উসকানি দেওয়া, সরকারকে বিব্রত করা দেশে-বিদেশে সকল ক্ষেত্রে। তবে এটাও ঠিক, এই গ্রেনেড হামলায় যারা সম্পৃক্ত তারা ভিকটিম হয়নি, আসামি হয়নি। এখানে আমাদেরও ব্যর্থতা আছে।