এবারের ভোটে আলো-আঁধারের লড়াই :বাইডেন

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২২:২৫

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। তিনি মনোনয়নপত্র গ্রহণ করে বলেছেন, এখন অন্ধকারের যুগ চলছে। তবে শিগিগরই সেই আঁধার কেটে যাবে। তিনি বলেন, এবারের ভোট হবে আলো-আঁধারের লড়াই। এদিকে ভোটে জালিয়াতি রোধে পোলিং স্টেশনে নিরাপত্তা বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর সিএনএন ও ডয়চেভেলের

দলের কনভেশনের শেষ দিনে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভয়কে উপেক্ষা করে আশাকে জয়ী করতে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি আঁধার দূর করে আলো ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। বাইডেন তার কর্মপন্থাগুলো তুলে ধরেছেন সমর্থকদের সামনে। প্রথমেই তিনি করোনা ভাইরাস মহামারি নিয়ে কাজ করবেন। ৫০ বছরের রাজনৈতিক জীবনে দেওয়া সবচেয়ে           গুরুত্বপূর্ণ ভাষণে বাইডেন বলেন, ট্রাম্প প্রশাসন চাইলে করোনা পরিস্থিতি আরো ভালো হতে পারত। তিনি দেশের আইনি কাঠামো মেনে সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের বক্তব্যের জবাবে বলেছেন, ৪৭ বছর ধরে তিনি কেবল বড় বড় কথাই শুনিয়ে যাচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তিনি ভোটে জালিয়াতি রোধে পোলিং স্টেশনে নিরাপত্তা বাহিনী পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। তবে এটা স্পষ্ট নয় যে, তার সেই ক্ষমতা আছে কি না। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ভোটকেন্দ্রে শেরিফ পাঠাব। সম্ভব অ্যাটর্নি এবং অ্যাটর্নি জেনারেলকে ভোটকেন্দ্রে পাঠানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনি দল এরই মধ্যে ভোটকেন্দ্রে তদারকির জন্য লাখ লাখ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিচ্ছে।