ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, করোনা পরিস্থিতি ও মোকাবিলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এ কথা জানান। তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রসচিবের আলোচনার বিষয় ছিল বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উভয় দেশে সাড়ম্বরে পালিত হবে। বঙ্গবন্ধু স্মরণে ভারত সরকার একটি ডাকটিকিট প্রকাশ করবে।
তিনি আরো বলেন, দুই দেশ কোভিড-১৯ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। ভারত সরকার ভ্যাকসিন দেওয়া ছাড়াও হাসপাতাল নির্মাণ ও বাংলাদেশের চিকিত্সকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। উভয় দেশের ব্যবসায়ী, পদস্থ কর্মকর্তা ও মেডিক্যাল চিকিত্সার ব্যক্তিদের জন্য এয়ার বাবল অর্থাত্ নির্দিষ্ট বিমান চলাচল ব্যবস্থা চালু হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত সরকার যথোপযুক্ত পদক্ষেপ নেবে। একই সঙ্গে নিরাপত্তা ও সীমান্তের অপরাধপ্রবণতা কমাতে উদ্যোগ নেওয়া হবে। তাবলিগ জামাতের সদস্যদের প্রত্যাবর্তনের বিষয়ে মুখপাত্র বলেন, এখনো যারা রয়ে গেছেন তাদের দ্রুত দেশে ফেরতের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বাংলাদেশে ভারতের অর্থ-সাহায্যে যেসব প্রকল্পের কাজ চলছে, তা তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
০
