দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে বাসচাপায় শিক্ষক দম্পতিসহ একই পরিবারের চার জন, সিরাজগঞ্জে পৃথক ঘটনায় তিন জন, কক্সবাজারের রামুতে নারীসহ দুই জন ও ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।
আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের রাবনা এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী শিক্ষক দম্পতিসহ একই পরিবারের চার জন নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহতরা হলেন—ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলআমিন, তার স্ত্রী একই স্কুলের সহকারী শিক্ষক শিউলি খাতুন, নিহত আল আমিনের বাবা সোহরাব আলী ও মা সালেহা বেগম। দুর্ঘটনায় আল আমিনের বোন হাজেরা বেগম ও অটোরিকশার চালক ফেরদৌস তরফদারকে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, ভূঞাপুর উপজেলা সদর থেকে আল আমিন তার পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় বাইপাসের রাবনা মোড় থেকে শহরের দিকে ঢোকার পথে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। আশপাশের লোকজন সিএনজি চালকসহ ছয় আরোহীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে শিউলি খাতুনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আল আমিন, সোহরাব আলী ও সালেহা বেগমকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার সময় তারাও মারা যান। বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।
এদিকে সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জব্বার নামে পিকআপ ভ্যানের মালিক এবং আকতার হোসেন নামে চালক নিহত হন। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ-নলকা চার লেন মহাসড়কের সদর উপজেলার শিলন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল গ্রামের হাসন আলীর ছেলে ও আকতার হোসেন চক গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। অপরদিকে গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঢাকা-বগুড়া মহাসড়কে দাদপুর জিআর কলেজের সামনে কাভার্ড ভ্যানচাপায় নাঈম ইসলাম নামে এক শিশু নিহত হয়।
কক্সবাজার প্রতিনিধি জানান, রামুর জোয়ারিয়ানালায় ইউনিক পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাস উলটে নারীসহ দুই জন নিহত ও অপর ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ির নিচে চাপা পড়ে থাকা আরো যাত্রীদের উদ্ধার তত্পরতা চলছিল। নিহতদের মধ্যে জেসমিন আকতার (৩৫) নামে একজনের পরিচয় মিলেছে।
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা নামক স্থানে রমজান আলীর শিশুপুত্র রামীম (৪) তার বাবার দোকানে গেলে খেলারছলে মহাসড়কে এসে পড়লে অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
