আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ চার জন গুলিবিদ্ধ

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২২:৩৩

কক্সবাজারের টেকনাফে রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে গুলি বিনিময় হয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের চার জন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা টেকনাফে ২২ নম্বর রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড়ে সক্রিয় থাকা উগ্রপন্থি সংগঠন আল ইয়াকিনের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি বিনিময় শুরু হয়। পাহাড়ে অবস্থানকারী গ্রুপের এলোপাতাড়ি গুলিবর্ষণে সি-ব্লকের নুর হোসেন (৩৫), আব্দুর শুক্কুর (১৮), সি-১ এর ওমর ফারুক (১২), বি-২ এর ওসমান (১৭) গুলিতে আহত হয়। আহতদের ক্যাম্পে চিকিত্সা দেওয়া হয়েছে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। নিরাপত্তা বাহিনী ফিরে যাওয়ার পরপরই আবার উভয় পক্ষের লোকজন থেমে থেমে গুলিবর্ষণ করতে থাকে। রাত সাড়ে ৭টার পর পরিস্থিতি শান্ত হলেও উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।                 জানা যায়, আল ইয়াকিন গ্রুপ রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের পাশাপাশি ইয়াবা কারবার নিয়ন্ত্রণ করছে। ক্যাম্পের রোহিঙ্গা নারীদের পাহাড়ে নিয়ে ধর্ষণ, নির্যাতন করে আসছে। জিহাদের নামে লোকজন নিয়ে মাদক বাণিজ্যে বাধ্য করছে। অনেক রোহিঙ্গা আল ইয়াকিনের এই ধরনের কাজের প্রতিবাদ করে ক্যাম্পে এসে স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করছে। পাহাড়ে অবস্থানকারী গ্রুপ ক্যাম্পে এসে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে ক্যাম্পের লোকজন বাধা দেওয়ায় গুলি বিনিময়ের সূত্রপাত হয়।