২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক রহমানকে জড়ানো সরকারের মাস্টারপ্ল্যান :রিজভী

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০০:১৫

বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে গতকাল শুক্রবার ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক স্মরণসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ২১ আগস্ট মিটিং হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে কিন্তু সেই মিটিং আওয়ামী লীগ নিয়ে যায় তাদের পার্টি অফিসের সামনে। পুলিশকেও ঠিকমতো অবহিত করা হয়নি সেরকম আরো অনেক ঘটনা আছে। তাই বলা যায়, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়া যাবে সেজন্যই এ হামলা চালানো হয়। এত বোমা ফুটল কিন্তু প্রধানমন্ত্রীর কিছু হয়নি। আমরা এই ঘটনাকে অবশ্যই মর্মান্তিক মনে করি, যারাই করুক তারা দুরাচার। কিন্তু এ ঘটনায় বিএনপি ও তারেক রহমানকে জড়ানো সরকারের একটি মাস্টারপ্ল্যান। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, নারায়ণগঞ্জে সাত খুন হয়েছে আমরা কি বলব এর জন্য প্রধানমন্ত্রী দায়ী? তিনি বলেন, যদি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার আসে আর সঠিক তদন্ত অব্যাহত থাকে তখনই বোঝা যাবে এজন্য কারা দায়ী। তিনি আরো বলেন, আমি একজন আইনজীবী হিসেবে যতটুকু দেখেছি কোথাও কোনোভাবে ন্যূনতম কারণে সেখানে তারেক রহমানকে জড়ানোর কোনো সুযোগ নেই। জোর করে তার নাম বলানো হয়েছে মুফতি হান্নানকে দিয়ে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল মান্নানের এই স্মরণসভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরো বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ আলম প্রমুখ।