ব্যাটিং বিপর্যয়ের ঝুঁকি ছিল। তবে, সেই ধাক্কা সামলেছে ইংল্যান্ড; উল্টো পাল্টা আক্রমণ করেছে তারা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে সাউদাম্পটনে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকরা করেছে ৩৩২ রান।
টস ভাগ্য সহায় ছিল ইংল্যান্ডের। যদিও টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ধাক্কাটা সামলে ফেলেন পরের ব্যাটসম্যানরা। বিশেষ করে জ্যাক ক্রাওলির দারুণ এক ইনিংসে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। তবে, ক্রাওলি সঙ্গীর অভাবে ভুগেছেন গোটা ইনিংস জুড়েই।
ডোমিনিক সিবলি ও জো রুট ভাল সূচনা করেও ইনিংস বড় করতে পারেননি। সিবলি ২২ ও রুট ২৯ রান করেন। একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যান ক্রাওলি। সেটা করতে গিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনি। খেলছেন বড় ইনিংস। তিনি ১৭১ রান করে অপরাজিত আছেন। দারুন সঙ্গ দিচ্ছেন জশ বাটলার। বাটলারের সংগ্রহ অপরাজিত ৮৭ রান। ২০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।
দিনের খেলায় পাকিস্তানের সফল বোলার আবারো ইয়াসির শাহ। এই লেগ স্পিনার নিয়েছেন দুই উইকেট।
জানিয়ে রাখা ভাল, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটাতে তিন উইকেটে জিতেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির বাঁধায় ড্র হয়েছে। ফলে, দুই টেস্ট শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর
টস: ইংল্যান্ড
ইংল্যান্ড প্রথম ইনিংস (প্রথম দিন শেষে): ৩৩২/৪ (ক্রাওলি ১৭১*, বাটলার ৮৭*, রুট ২৯; ইয়াসির ২/৬০)
