নেইমারের সামনে এখন ইতিহাস গড়ার সময়। প্রথমবারের মতো ক্লাব পিএসজিকে নিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। চলতি মৌসুমে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, লিগ কাপ ও ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে পিএসজি। এবার অপেক্ষা ইউরোপ সেরার মুকুট পড়ার। পিএসজিকে ইতিহাসের সাক্ষী করতেই রবিবার মাঠে নামবেন নেইমার-এমবাপ্পেরা। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি স্টারকে সেই কথাই বলেছেন নেইমার। জানিয়েছেন, মেসি-রোনালদোর যুগে ব্যালন ডি’অর জেতা হবে দারুণ ব্যাপার।
নেইমার বলেন, ‘সেমিফাইনাল ছিল অসাধারণ এক ম্যাচ। কিন্তু সেমিফাইনালে জয়ী দলের নাম কেউ মনে রাখেন না। বায়ার্ন মিউনিখকে তাই ফাইনালে বড় পরীক্ষাই দিতে হবে। আমরা প্রস্তুত। তাদের দলে অনেক ভালো ফুটবলার আছেন। আমাদেরও শীর্ষ পর্যায়ে পারফরম্যান্স দেখানোর মতো তারকা আছে। আর আমার মনে হয়, প্যারিসে আসার পরে এবারই আমি সেরা ছন্দে আছি।’
দলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো নিয়ে সাবেক বার্সেলোনা তারকা বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতা বিশেষ কিছু। কিন্তু পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় হবে ইতিহাস এবং এটা জিততেই আমি প্যারিসে এসেছিলাম।’ নেইমার মনে করেন, চ্যাম্পিয়নস লিগ জয়ের পরে ব্যালন ডি’অর জয় হবে সম্মানের। কিন্তু ব্যালন ডি’অর জিততে মাঠে ভালো খেলতে হবে। দশ বছর ধরে মেসি-রোনালদোরা ওটা জিতেছেন। কারণ তারা ভিন্ন গ্রহের ফুটবলার বলে মনে করেন নেইমার।
ব্রাজিল তারকা ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজি আসেন। পিএসজির হয়ে টানা তিন মৌসুম লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগে ঠিক সাফল্য পায়নি তারা। নেইমারও ইনজুরির কারণে আগের দুই মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ে খেলতে পারেননি। এবার তার সামনে তাই বড় সুযোগ। গত মৌসুমে এবং চলতি মৌসুমে নেইমারের পিএসজি ছাড়ার জোর গুঞ্জনও থামিয়ে দিতে পারে ইউরোপ সেরার এই প্রতিযোগিতা।
ইত্তেফাক/এসআই
