অসুস্থ হয়ে আইসিইউতে হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৮:১৭

গুরুতর অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন দেশের খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট করোনা ভাইরাস ‘নেগেটিভ’ আসে। কিন্তু জ্বর কমছে না। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেয়া হয়েছে। আবারো করোনা টেস্টের জন্য তার নমুনা নেয়া হলে সেখানে তার রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে ফেরদৌস ওয়াহিদের ছায়াবন্ধু প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর। এছাড়া বন্ধুর জন্য দোয়া প্রার্থনা করে ফেসবুকেও ছবি একটি পোস্ট দিয়েছেন তিনি। 

সেখানে তিনি লিখেছেন, আমার ঘনিষ্ঠ বন্ধু পপ লিজেন্ড ফেরদৌস ওয়াহিদের সঙ্গে সংগীত জীবনের ৫০ বছরে সুখ-দুঃখের আনন্দ-বেদনা’র অনেক স্মৃতি। এখন সেই চির সবুজ নায়ক, তারুণ্যের প্রতীক ফেরদৌস ওয়াহিদ সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চাইছি।

সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামি হাজির’ সিনেমায়। তার আলোচিত প্লেব্যাকগুলো হচ্ছে- ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’।

ইত্তেফাক/বিএএফ