নওগাঁয় অটো চার্জার ছিনতাইকারীর সক্রিয় ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:০৫

নওগাঁয় অটো চার্জার (টমটম) ছিনতাইকারীর সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানা শনিবার (২২ আগস্ট) ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার খাগড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে নয়ন (২৮), খাস নওগাঁ মহল্লার গোলাম মোস্তাফার ছেলে রাজিব আহম্মেদ (৩০), মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত রহিমের ছেলে রফিকুল ইসলাম (২৩), গোলাম রাব্বানীর ছেলে জুয়েল হোসেন (২৯)।

আরো পড়ুনঃ সাভারে তুরাগ নদী থেকে নৌ-ডাকাত সর্দার টেক্কা আটক, দেশীয় অস্ত্র ও ট্রলার জব্দ

শনিবার (২২ আগস্ট) বেলা ১২টায় সদর মডেল থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান, ১৯ আগস্ট রাত ৯টায় মান্দা উপজেলার ভোলা বাজার থেকে রাসেল নামে একজনের অটো চার্জার ২৫০ টাকায়  ভাড়া করে নিয়ে মহাদেপুরের চকগৌরী বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। চকগৌরী বাজারে পৌঁছালে চালক কুতুবপুর গ্রামে নামিয়ে দেওয়ার জন্য বললে চালক সেখানে যাওয়ার পথে তাড়াতবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আগে আসামিরা চালকের গলা ও মুখ চেপে ধরে ও মারপিট করে অটো চার্জার গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই চালক অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে ২১ আগস্ট সদর থানায় মামলা দায়ের করলে সেই মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অটো চার্জারসহ ওই ৪ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর এই ঘটনার সাথে জড়িত বলে আসামিরা স্বীকার করে।

এসময় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও আবু সাঈদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী, তদন্ত কর্মকর্তা ফাইসাল বিন আহসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম