সামান্য বৃষ্টিতে সড়ক পরিণত হয় ডোবায়

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:২৫

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সামান্য বৃষ্টির পানিতে সড়ক ডোবায় পরিণত হয়। আর সড়কের গর্তের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়। লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী সড়কের বর্তমান অবস্থা এ রকম। বিমান বিল্ডিং-এর সামনে সৃষ্ট ছোট-বড় গর্তে সামান্য বৃষ্টি হলে পানি জমে থাকে। সড়কের গর্তে পড়ে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি। আর কাদাপানিতে একাকার হয়ে যাওয়ায় হাঁটাও কষ্টকর। এলাকাবাসী জানান, সড়কটি কয়েক বছর আগে কার্পেটিং করা হয়েছিল। স্থানীয় দোকানদার আবদুল্লাহ ভান্ডারী জানান, গাড়ি চলাচলের সময় গর্তে জমে থাকা পানি দোকানে ছিটকে পড়ে। কষ্টের মধ্যে তাদের দোকান চালাতে হচ্ছে। মালামাল নষ্ট হয়ে যায়।  সিএনজি স্টেশনের লাইনম্যান বেলাল উদ্দিন হূদয় জানান, সড়কে বৃষ্টির কারণে সড়কের কার্পেটিং নষ্ট হয়ে গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টির পানিতে সড়ক ডোবায় পরিণত হয়। ফলে চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হয়।  লোহাগাড়া উপজেলা প্রকৌশলী দিবাকর রায় জানান, সড়কটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।