টাঙ্গাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:২৬

গ্রেফতার ১

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরের সাহাপাড়া এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। শুক্রবার রাতে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শাবনুর আক্তার খাদিজা (২০)। ঘাতক স্বামী আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ঘটনার দিন আব্দুল খালেক বাসার দরজায় বাইরে থেকে তালা দিচ্ছিল। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া বাইরে থেকে তালা দেওয়ার কারণ জানতে চাইলে সে জানায়, খাদিজা ঘুমাচ্ছে, সে বাইরে থেকে ঘুরে আসছে। তারপর সে আর বাসায় ফেরেনি। রাত ১১টার দিকে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে বাসার তালা ভেঙে খাদিজার লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। ওসি জানান, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে খাদিজার বাবা জাকির হোসেন বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেছেন।