শিল্পকলা একাডেমির কমিটি ঘোষণা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার এ কমিটি ঘোষণা করা হয়। শিল্পকলা একাডেমির উপদেষ্টা স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একাডেমির (২০২০-২০২৩) কার্যনির্বাহী কমিটির পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সাংস্কৃতিক কর্মী প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনকে নির্বাচিত করেন।
বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার্ত ২৫০টি পরিবারের মধ্যে শনিবার খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। পৌর শহরের জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের (৩১৫বি-১) গভর্নর দেওয়ান নাসিরুল হক। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিকশাচালকদের মধ্যে রেইনকোট বিতরণ
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’-এর ব্যতিক্রমী উদ্যোগে শনিবার রিকশাচালকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রুহুল আমিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
মত্স্য খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে মত্স্য খাতের উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে শনিবার। উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুত্ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সুবীর কিশোর চৌধুরী। বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
বুদ্ধি প্রতিবন্ধীর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় করোনা সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত অসহায় নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) শিক্ষার্থীদের পরিবারের মধ্যে শনিবার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের সহযোগিতায় এবং কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আয়োজনে ১৯৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবারের মধ্যে খাদ্য সহায়তা তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি।
করোনা আক্রান্ত ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে দেশ-বিদেশে কর্মরত এসএসসি-৮৩ ব্যাচের বন্ধুদের উদ্যোগে করোনা ও বন্যার্ত চার শতাধিক পরিবারের মধ্যে শনিবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের ইয়াছিন উচ্চবিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব রেখে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় এসএসসি-৮৩ ব্যাচের আহ্বায়ক কমিটির আহ্বায়ক চৌধুরী আহসানুল করিম হিটু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপকূলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ইউএনওর
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার উপকূল অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। শনিবার গড়ুইখালী জোয়ারের পানিতে নিমজ্জিত গুচ্ছ গ্রামে গিয়ে ১৫০টি পরিবারের খোঁজখবর নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও স্থানীয় জনপ্রতিনিধি।
গোপালগঞ্জে ৫০০ গাছের চারা বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি গতকাল গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ৫০০ ফলদ গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক।
