স্পোর্টস রিপোর্টার
বিকেএসপিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্প আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ। ৪৫ সদস্যের প্রাথমিক দলের করোনা পরীক্ষা হয়েছে তিন ধাপে। করোনা পরীক্ষা শেষে ক্রিকেটাররা যোগ দিয়েছেন ক্যাম্পে। সবাইকে নিয়ে পুরোদমে ক্যাম্পের কার্যক্রম শুরু হবে আজ। যদিও গত কয়েকদিন ফিটনেসের কাজ করেছেন প্রথম ধাপে বিকেএসপি যাওয়া ক্রিকেটাররা।
তবে ক্যাম্পের শুরুতে হেড কোচ নাভিদ নেওয়াজ ও ট্রেনার রিচার্ড স্টনিয়েরকে পাচ্ছে না যুবারা। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে থাকা লঙ্কান নাভিদ ও ইংলিশ ট্রেনার স্টনিয়ের করোনার বাধায় পড়েছেন। ভিক্টোরিয়া ও লন্ডন থেকে বিমান ভ্রমণে জটিলতা থাকায় তাদেরকে ছাড়াই দেশীয় কোচদের তত্ত্বাবধানে শুরু হচ্ছে যুবাদের ক্যাম্প। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার এইএম কাওসার গতকাল বলেছেন, ‘স্থানীয় কোচ দিয়েই আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে। রিচার্ড (স্টনিয়ের) এখনই যোগ দিতে পারছে না করোনার কারণে। তিনি কখন যোগ দিতে পারবেন, তা আমরা পরবর্তীতে জানিয়ে দিব।’
