আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী জহিরুল দুই সহযোগীসহ আটক

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:৫৬

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজার থানা পুলিশ তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে ঝইক্কাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার ব্রাহ্মদী ইউনিয়নের সুলপানদি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহিরুল ঐ গ্রামের হাফেজ মোল্লার ছেলে। পুলিশ এই সময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করে। এরা হলেন, সোনারগাঁয়ের মোতাহারের ছেলে বাকির ও একই এলাকার অনুকূলের ছেলে মিঠু।

আড়াইহাজার থানার এসআই গাজী শামীম জানান, জহিরুল দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় আড়াইহাজার উপজেলার সুলপানদি. মারুয়াদী, নরসিংদী, লস্করদীসহ গোটা উপজেলায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি এবং সন্ত্রাস ও ডাকাতি করে আসছিল। বাড়ি ঘেরাও করে পুলিশ তাকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ চারটি মামলার ওয়ারেন্টসহ মোট সাতটি মামলা রয়েছে। তাছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপিসহ বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে। এদিকে জহিরুলকে গ্রেফতারের খবর পেয়ে শনিবার সকাল থেকে ২০ জন ভুক্তভোগী থানায় এসে বিভিন্ন অভিযোগ দায়ের করেন। আবুল কাশেম নামের একজন জানান, তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। থানার একজন দারোগার ওপরও হামলা করে কুখ্যাত ডাকাত জহিরুল। তাকে গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে এসেছে।