স্টাফ রিপোর্টার রংপুর
মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণপাড়ার বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন সন্তানের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মা-বাবা। গতকাল শনিবার রংপুর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সন্তানদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আকুতি জানায় এই মা-বাবা।
লিখিত বক্তব্যে অভিযোগকারী পিতা কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল আলিম মিঠু বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকার পরও বিভিন্ন সময়ে স্থানীয় নেতা আনোয়ার সাদাত হোসেন লিমন ও তার ভাই সাজ্জাদ হোসেন ভিক্টর হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রায় দেড় শতাধিক লোকজন নিয়ে লিমন ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশে লাঠি, ছোরা ও ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাসাবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়। এসময় অবরুদ্ধ সন্তানদের নিরাপত্তা ও সন্ত্রাসীদের তাণ্ডব থেকে বাঁচতে মিঠাপুকুর থানা পুলিশের ওসিসহ অন্য কর্মকর্তাদের এবং ৯৯৯ নম্বরে ফোন করেন আব্দুল আলিম মিঠু। প্রায় ৩ ঘণ্টা পর পুলিশ এসে বাসার তালা ভেঙে তাদের উদ্ধার করে। এ ঘটনার পর থেকে এখনো ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। আব্দুল আলিম জানান, তার বড় ছেলে খালিদ হাসান মান্না মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র, ছোট ছেলে ওমর ফারুক মুন্না রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ও ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র এবং মেয়ে উম্মে কুলসুম মলি বিএ তৃতীয় বর্ষের ছাত্রী। তারা করোনা ভাইরাস পরিস্থিতিতে বাসায় রয়েছেন। কিন্তু সন্ত্রাসীদের হুমকি ও ভাঙচুরের তাণ্ডবে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তার পরিবার।
