হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
হোসেনপুরে করোনা চিকিত্সার নামে রিয়া আক্তার (১১) ও তার চাচা মফিজ উদ্দিনকে (৪০) অ্যাম্বুলেন্সযোগে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধারসহ চার জনকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পূর্বমেড্ডা গ্রামের মৃত জুলহাস ভুঁইয়ার ছেলে সাহেদ ভুঁইয়া (৪২), খালধার পাড়া গ্রামের বাছির মিয়ার ছেলে রাজন মিয়া (৩৫), শিমরাইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আরিফ মাহমুদ (৩৫) ও কাজীপাড়া মৌলভীহাটি গ্রামের সাইদুর রহমানের ছেলে বশির আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট রাতে হোসেনপুর পৌর এলাকার আড়াইবাড়িয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে রিয়া আক্তার এবং একই বাড়ির মৃত আবদুল মতিনের ছেলে মফিজ উদ্দিনকে অপহরণ করা হয়। তারা ডাক্তার পরিচয়ে স্বাস্থ্যসুরক্ষা পোশাক পরে বাড়ি থেকে ঐ দুই জনকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। পরিবারের সদস্যরা হোসেনপুর থানাকে এ ব্যাপারে অবহিত করলে পরক্ষণই পুলিশ উদ্ধার তত্পরতা শুরু করে। পরে মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে উদ্ধার অভিযানে নামে পুলিশ।
পুলিশ অপহরণকারী চক্রের কাছ থেকে একটি অ্যাম্বুলেন্স, একটি মোটরসাইকেল, একটি পিস্তল, দুইটি চাকু ও একটি বেলচা জব্দ করে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, অপহরণের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
