কুষ্টিয়া জেলার ভেড়ামারা পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক বর্ষাকালে ডুবে যায় এবং নিচু এলাকা হওয়ায় সারা বছর ডুবে থাকে। উঁচু স্থানের পানি রাস্তার নিচু অংশকে ডুবিয়ে দেয় এবং আশেপাশের পুকুর উপচে রাস্তাকে আরো বেশি নিমজ্জিত করে। এ সময় এলাকাবাসীর দুর্ভোগের সীমা থাকে না। মোটরসাইকেল উলটে পড়াসহ পথচারীরা প্রতিদিনই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। ভেড়ামারা বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের অতি নিকটবর্তী জামে মসজিদ ও পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপরীত দিকে ভেড়ামারা কুষ্টিয়া প্রাগপুর মহাসড়ক থেকে একটি রাস্তা মনু মার্কেট ও ডাকবাংলা মার্কেটের মধ্যবর্তী স্থান দিয়ে উপজেলা পরিষদ ও বিশ্ববিদ্যালয় কলেজের দিকে গিয়েছে। এ রাস্তার একটি শাখা কৃষি অফিস, ভূমি অফিস, সাবরেজিস্ট্রার অফিস, ডায়াবেটিস হাসপাতাল ও খাদ্য গোডাউন হয়ে কুষ্টিয়া ভেড়ামারা প্রাগপুর মহাসড়কে মিলিত হয়েছে। রাস্তার আরেকটি শাখা সবুজ কলি উচ্চ বিদ্যালয়, পোস্ট অফিস, কলেজ বাজার রেলস্টেশন হয়ে বাসস্ট্যান্ডের দিকে গেছে। অতি গুরুত্বপূর্ণ এ রাস্তাটির মঞ্জুর হাবিব সুপার মার্কেট সংলগ্ন নিচু অংশ অবিলম্বে কুষ্টিয়া ভেড়ামারা প্রাগপুর মহাসড়কের লেবেল করে সংস্কারের জন্য এবং ড্রেনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।
মঞ্জুর হাবিব মঞ্জু
ভেড়ামারা, কুষ্টিয়া
